গাজীপুর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার মাসুদপুর গ্রাম থেকে সোমবার দুপুরে ছয় পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে র্যাব। এ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদপুরের মো. সুলতান উদ্দিন আহমেদের ছেলে মো. শাহ আলম ওরফে বাদল (৪০), শিবপুর উপজেলার কুতুবেরটেকের হাসিবুল আলম (৪৩) এবং মনোহরদী উপজেলার বাগিবাড়ী গ্রামের মাওলানা মমতাজ উদ্দিন খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪২)।
র্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. আবুল হোসেন জানান, পাচার করার জন্য একটি চক্র কোবরা সাপের বিষ নিয়ে মাসুদপুরের মোল্লা বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দুপুর ১টার দিকে ছদ্মবেশে সেখানে অভিযান চালায়।
এএসপি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাপের বিষের ব্যবসা করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
উদ্ধার করা সাপের বিষের বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে র্যাব কর্মকর্তা আবুল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০২ ঘ.
bdnews24