ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তি, নিয়োগ-বদলিসহ বিভিন্ন কাজে ঘুষ নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ বলেন, "আমাদের দেশে ঘুষ ও দুর্নীতি এক সামাজিক ব্যাধি। গত কয়েক বছরে সেটা আরো বেড়েছে। রাতারাতি তা বন্ধ হবে না। তবে আমরা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব।"
শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, নিয়োগ-বদলিসহ বিভিন্ন কাজে 'লেনদেনের' কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "এতে আমি দারুনভাবে মর্মাহত ও ব্যথিত। কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ায় অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায় না। এজন্য আমি সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।"
নাহিদ বলেন, "শিক্ষা মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তরসমূহের কোথাও কোনো অবস্থায়ই ঘুষের বিনিময়ে কোনো অবৈধ কাজ হবে না। যথাযথ নিয়ম-নীতি, আইন ও বিধিমালা অনুসরণ করে কাজ চলবে"।
ঘুষ গ্রহণ ও দুর্নীতির কোনো ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
এ বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে তাকে ফোন, ফ্যাক্স বা ইমেইলে জানানোর জন্য সবার প্রতি আহবান জানান মন্ত্রী। ফোন নম্বর হল-৭১৬১৩৯৫, ফ্যাক্স নম্বর-৭১৬৩৩২২ এবং ইমেইল অ্যাড্রেস minister@moedu.gov.bd
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ
bdnews24