ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের আদিবাসী জনগোষ্ঠী এখনও প্রান্তিক অবস্থানে রয়েছে জানিয়ে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন না হলেও বাংলাদেশ আদিবাসী ফোরামসহ নানা সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বান কি মুনের বিবৃতিতে বলা হয়, বিশ্বের ৭০টি দেশে মোট ৩৭ কোটি আদিবাসী রয়েছে। তাদের ঐতিহ্যগত জ্ঞান, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জীবনধারণের পদ্ধতি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিশ্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছে।
তিনি বলেন, "আদিবাসী জনগণের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণা ২০০৭ সালে সাধারণ পরিষদে গৃহীত হওয়ায় তা ন্যায়বিচার, সমঅধিকার এবং উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়েছে। বেশ কয়েকটি দেশের সরকার তাদের অতীত আচরণের জন্য আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছে এবং অনেক দেশ এ বিষয়ে আইনি সংস্কারও করেছে।
"কিন্তু তারপরও এখনও আদিবাসী জনগণরা সবচেয়ে বেশি প্রান্তিক অবস্থায় রয়েছে। তারা দারিদ্র্য ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যসেবাও অপ্রতুল। অনেকেই প্রতিনিয়ত বৈষম্য ও বর্ণবাদের শিকার হচ্ছে। তাদের অনেক ভাষাও হারিয়ে যেতে বসেছে।"
জাতিসংঘ মহাসচিব সমাজ ও রাষ্ট্র কাঠামোয় আদিবাসী জনগণের পূর্ণ অংশীদারিত্ব নিশ্চিতে সরকার ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম চারদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে।
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গত ৭ আগস্ট সকালে রাজধানীতে মানববন্ধন এবং ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা হয়।
৯ আগস্ট (রোববার) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ১০ আগস্ট ধানমন্ডির ডাব্লিওভিএ মিলনায়তনে একটি প্রকাশনা অনুষ্ঠান রয়েছে।
ঢাকার বাইরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আদিবাসী দিবস পালিত হচ্ছে।
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ৯ আগস্ট। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ৪৯/২১৪ ধারা অনুযায়ী প্রতিবছরের এ দিনটিই (৯ আগস্ট) বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ সাধারণ পরিষদ।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালকে সারা বিশ্বের আদিবাসী জনগণের জন্য আন্তর্জাতিক বর্ষ এবং ১৯৯৪ সালের ১০ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক শতক শুরুর ঘোষণা দেয়। প্রথম আন্তর্জাতিক এ দশকের উদ্দেশ্য ছিল মানবাধিকার, পরিবেশ, উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আদিবাসী জনগণ যেসব সমস্যার মুখোমুখি হয় তার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।
দিবসটি উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24