আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববাজারে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি ভারতকে টপকে তৃতীয় স্থান দখল করে নিয়েছে। ২০১০ সালের মধ্যে তুরস্ককে পেছনে ফেলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে চলে যাবে বলে জোরালো আশাবাদ প্রকাশ করেছেন এ খাতের শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি ফজলুল হক।
পোশাক কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা হলে এবং প্রয়োজনীয় সরকারী নীতি-সহায়তা পাওয়া গেলে বিশ্ব অর্থনীতির চলমান মন্দা বাংলাদেশের নিট পোশাক শিল্পের জন্য সুফল বয়ে আনতে পারে বলে জানিয়েছেন বিকেএমইএ সভাপতি।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে ফজলুল হক এ কথা বলেন।
তিনি বলেন, "মন্দার মধ্যেও আমরা বিদায়ী ২০০৮-০৯ অর্থবছরে ৬ দশমিক ৪৩ বিলিয়ন (৬৪২ কোটি ৯২ লাখ) ডলারের নিট পোশাক রপ্তানি করেছি যা আগের অর্থবছরের চেয়ে ১৬ শতাংশ বেশি। মন্দা না হলে এ প্রবৃদ্ধি ৩০ শতাংশ ছাড়িয়ে যেতো।"
বিকেএমইএ সভাপতি বলেন, "বিশ্ববাজারে নিট পোশাক রপ্তানিতে আমরা তৃতীয় স্থান দখল করেছি। ভারতকে পেছনে ফেলে আমরা চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে এসেছি। ২০১০ সালের মধ্যে তুরস্ককে টপকে আমরা দ্বিতীয় স্থান দখল করবো বলে প্রত্যাশা করছি।"
বিশ্বমন্দা বাংলাদেশের নিট পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে এ আভাস দিয়ে তিনি বলেন, "মন্দার কারণে আমাদের নিট পোশাক রপ্তানি ও পণ্যের দাম দুটোই কমেছে। তবে অন্যান্য দেশে এ খাতে রপ্তানির ক্ষেত্রে যতোটা নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের ততোটা পড়েনি।"
ফজলুল হক বলেন, ভারতে গত কোয়ার্টারে নিট পোশাক রপ্তানি ২৫ শতাংশ কমে গেলেও আমাদের ১৬ শতাংশ বেড়েছে।
কোটা উঠে যাওয়ার মতো মন্দাও বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত সুফল বয়ে আনতে পারে বলে উল্লেখ করেন বিকেএমইএ সভাপতি।
কোটা উঠে যাওয়ার পর (২০০৫ সালে) বাংলাদেশের পোশাক শিল্প টিকে থাকবে না বলে বিশ্বব্যাংক, আইএমএফসহ অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কোটা উঠে যাওয়া বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সুফলই বয়ে এনেছিল।
"মন্দার কারণে অনেক দেশ দুর্বল হয়ে পড়বে। কিন্তু সস্তা শ্রম ও তুলনামূলকভাবে কম দামি পোশাক রপ্তানি করার কারণে আমরা অনেক দেশের বাজার দখল করতে পারবো,"জানান তিনি।
তবে এ কারণে আত্মতুষ্টিতে ভোগা ঠিক নয় বলেও সতর্ক করে দেন তিনি।
মন্দার ক্ষতি পুষিয়ে দিতে বাজেটে রপ্তানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ তুলে বিকেএমইএ নেতা বলেন, এখন পর্যন্ত কোন খাতে কিভাবে ব্যয় করা হবে সে ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
"বাজেটোত্তর সংবাদ সম্মেলনে (১২ জুন) অর্থমন্ত্রী দু-এক দিনের মধ্যে রপ্তানিকারকদের সঙ্গে বসে এ বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানালেও এখন পর্যন্ত কারো সঙ্গে কোনো বৈঠক করেননি" , বলেন ফজলুল হক।
সরকারের কর্মকাণ্ডে নিট পোশাক শিল্প মালিকরা সন্তুষ্ট নন বলে জানিয়ে দেন তিনি।
ফজলুল হক বলেন, সরকারি সহায়তা না পাওয়া গেলে ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মন্দার এ শাপে বর সুফল পাওয়ার জন্য শিল্প কলকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে মনে করিয়ে দিয়েছেন এ উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা।
তিনি বলেন, ক্রেতাদের কাছে আমাদের ভাবমূর্তি যাতে ক্ষুণ
bdnews24