টাঙ্গাইল, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ১২ হাজারের বেশি পরিবারকে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।
শনিবার সকালে মধুপুর উপজেলার আমবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীনদের মাঝে গুচ্ছ গ্রামের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ভূমিহীন অসহায় পরিবারে গৃহ সংস্থানের জন্য ২ শ' কোটি টাকার গুচ্ছ গ্রাম প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
ভূমিহীনদের মধ্যে খাস জমি বরাদ্দের এই ধারা অব্যাহত রাখার জন্য মন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন।
ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বড় বড় শহরে বিগত ২৯ বছরে বিএনপি ও জাতীয় পার্টির ভূমি দস্যুরা বিপুল খাস জমি দখল করে রেখেছে মন্তব্য করে হিরা বলেন, "আমরা সরকারি নীতিমালা অনুযায়ী সেগুলো উদ্ধারের মাধ্যমে ভূমিহীনদের মধ্যে বিতরণ করব।"
ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের ক্লাইমেট ভিকটিম রিহ্যাবিলিটেশন প্রজেক্টের পরিচালক মো. হাসান ইমাম, জেলা প্রশাসক মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রকল্প প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশে এক কোটি মানুষের কোনো আশ্রয় নেই। তারা খোলা আকাশের নিচে বাস করছে। এদের আশ্রয়-এর ব্যবস্থা কঠিন কাজ। তবুও সরকার ভূমিহীনদের খাস জমি প্রদান এবং আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ব্যবস্থা করার চেষ্টা করছে।
সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টার দিকে অনুষ্ঠান শেষ হয়। এরপর আমবাড়িয়া গুচ্ছ গ্রামে ৪ একর ভূমিতে নির্মিত ৩০টি পরিবারকে ৩০টি ঘরের দলিল হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24