২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবে: আশরাফ

সরকার অচিরেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীদের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। দেশের মানুষ আর ভবিষ্যতে যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় দেখতে চায় না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

কিশোরগঞ্জ, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার অচিরেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীদের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। দেশের মানুষ আর ভবিষ্যতে যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় দেখতে চায় না।" শনিবার দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে মানুষ অনেক আশা নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। কিন্তু জনগণের রায়ে নির্বাচিত সরকারকে উৎখাত ও গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার কিছুদিন পরেই রাজধানীর বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।" আশরাফ বলেন, "এর আগেও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে জননেত্রী শেখ হাসিনা ও আমাকে হত্যার চক্রান্ত হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই জনগণকে সঙ্গে নিয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হয়েছে।" তিনি বলেন, "বিগত জোট সরকার দুর্নীতির মাধ্যমে দেশবাসীকে বিশ্বের সামনে হেয় করেছে এবং দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।" আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে দেশকে গড়ে তুলতে কাজ করে যাবে বলে মন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। এরপর মন্ত্রী উপজেলা সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ কামাল, পুলিশ সুপারিনটেনডেন্ট ভানু লাল দাসসহ জেলার সকল পর্যায়ের কর্মকর্তারা এতে যোগ দেন। সভায় কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার নির্দেশ দেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.