চাঁদপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার মঠখোলায় এলাকায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
তার নাম মিতু (৭)। তার বাবা মিজান পেশায় রিকশাচালক। এ ঘটনায় উত্তেজিত জনতা এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শনিবার দুপুর ৩টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মঠখোলা এলাকা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় মিতুকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।''
তিনি জানান, এ সময় স্থানীয় লোকজন গাছ ফেলে চাঁদপুর-কুমিল্লা সড়ক দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭২৫ ঘ.
bdnews24