চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির প্রতিবাদে শনিবার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দরে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা। এর ফলে বন্দরে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বন্দর শ্রমিক সমন্বয় কমিটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দেয়। সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি পালন করায় বন্দরে পণ্যবাহী ট্রাক ভিড়লেও কোনও পণ্য ছাড় হচ্ছে না।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের বলেন, "সোনা মসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি ভারত থেকে আমদানি করা ফলের প্রতি ট্রাকে ৭৫০ টাকা, অন্যান্য পণ্যবাহী ট্রাকে ৩৫০ টাকা ও বন্দর থেকে স্থানীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে ১২০ টাকা করে চাঁদা আদায় শুরু করেছে।"
এর প্রতিবাদে অ্যাসোসিয়েশন শনিবার থেকে আগামী তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করবে বলে তিনি জানান।
রুহুল আমিন বলেন, "এরপরও চাঁদা আদায় বন্ধের কোনও উদ্যোগ নেওয়া না হলে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাব আমরা।"
অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন জানান, গত ৪ আগস্ট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও বন্দরে চাঁদাবাজি বন্ধ হয়নি।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে শ্রমিক সমন্বয় কমিটি।
কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনামসজিদ স্থল বন্দরের সিএন্ডএফ সদস্যরা রাতের আধারে বিল অব এন্ট্রি জালিয়াতি করলে শ্রমিকরা প্রতিবাদ করে। আমদানি করা ওভারলোড পণ্য খালাসে আপত্তি জানায়। এ ঘটনায় সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগে এনে কর্ম বিরতি শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সিরাজুল হক খান বলেন, এ ব্যাপারে স্থল বন্দর কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাত পৌনে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে সোনামসজিদ স্থল বন্দরের পরিস্থিতি নিয়ে বন্দর মনিটরিং কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মাসুদ রানার সঙ্গে উপজেলা পরিষদে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24