২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান জয়ন্তী রোববার শুরু

আগামী ১০ আগস্ট সোমবার শিল্পী এস এম সুলতানের ৮৫তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে তার জন্মস্থান নড়াইলে রোববার শুরু হবে সুলতান উৎস। চলবে মঙ্গলবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

নড়াইল, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১০ আগস্ট সোমবার শিল্পী এস এম সুলতানের ৮৫তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে তার জন্মস্থান নড়াইলে রোববার শুরু হবে সুলতান উৎস। চলবে মঙ্গলবার পর্যন্ত। এছাড়া এস এম সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে সোমবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "এর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিল, ১০টায় নড়াইলের মাছিমদিয়া শিশুস্বর্গের শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ১১টায় র‌্যালি, ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং দুপুর আড়াইটায় নৌকা বাইচ।" এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন নড়াইলের সভাপতি শেখ হানিফ জানান, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী সুলতান উৎসব আয়োজন করেছে। রোববার সকাল ১১টায় শিশুস্বর্গে শিল্পীদের আর্ট ক্যাম্প উদ্বোধন, সোমবার সকালে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, দুপুর ১টায় চিত্র প্রদর্শনী এবং মঙ্গলবার দুপুর ২টায় শিশু শিল্পীদের আর্ট ক্যাম্প উদ্বোধন করা হবে। এছাড়া উৎসবের প্রতিদিন বিকেলে সুলতান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার। স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান এস এম সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে। সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে। ১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পীসমাজে প্রতিষ্ঠা মেলে। আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালের ১০ আগস্ট যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.