ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্বের সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশেও পালিত হয়েছে হিরোশিমা দিবস। রাজধানীতে আলোচনা সভা ও শান্তি মিছিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিভিন্ন সংগঠন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা নগরীতে প্রচণ্ড ধ্বংস ক্ষমতাসম্পন্ন আণবিক বোমা ফেললে মানবতার ইতিহাসে ভয়াবহতম বিপর্যয়টি ঘটে। কয়েক লাখ ওই ঘটনায় প্রাণ হারায়, অসংখ্য লোক আহত হয় বা সারাজীবন তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতা বয়ে বেড়ায়। হিরোশিমার হাতে গোনা কয়েকটি ভবন ছাড়া গোটা শহর মাটির সঙ্গে মিশে যায়।
ওই ঘটনার স্মৃতিতে ৬ আগস্ট হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় জাদুঘর থেকে 'ঢাকা নাগরিক' বের করে শান্তি মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে অংশ নেন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পদার্থ বিভাগের নতুন অডিটোরিয়ামে ' হিরোশিমা : মানবসৃষ্ট মহাবিপর্যয়' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের নির্বাহী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অধ্যাপক শহিদুল ইসলাম, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান সুব্রত কুমার আদিত্য, সহযোগী অধ্যাপক জাহিদ হোসেন মাহমুদ, শিক্ষা আন্দোলন মঞ্চ-এর সাধারণ সম্পাদক সাইফুর রহমান তপন বক্তব্য দেন।
বক্তারা বিশ্বজুড়ে শান্তিকামী মানুষকে যুদ্ধ বিরোধী শান্তি আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২১০ঘ.
bdnews24