ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। ইসলামী বর্ষপঞ্জির চারটি সবচেয়ে মর্যাদাপূর্ণ রাতের অন্যতম এ রাতে সৃষ্টিকর্তা আল্লাহ সবার পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করেন।
শবে বরাতকে আরবীতে বলা হয় 'লাইলাতুল বরাত' বা মুক্তির রাত। ইবাদতের মাধ্যমে পাপমুক্তি হয় বলে এই নাম। আর রাতের ফারসী প্রতিশব্দ 'শব'। আরবী দিনপঞ্জীর শাবান মাসের মাঝের রাতটি লাইলাতুল বরাত যা উপমহাদেশে বেশি পরিচিত শবে বরাত নামে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মসজিদগুলোতে ভিড় জমিয়ে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় ইবাদত-বন্দেগিতে শামিল হয়েছেন ধর্মপ্রাণরা। বাড়িতেও প্রার্থনায় মগ্ন হয়েছেন অনেকে। ধার্মিক মুসলমানরা অতীতের ভুলত্র"টির জন্যে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে পরিশুদ্ধ জীবন যাপনের সামর্থ্য কামনা করে মোনাজাত করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বড়ো মসজিদগুলোর সামনে দেখা যাবে রাতভর মুসল্লীদের যাতায়াত।
এদেশের সামাজিক প্রথা অনুযায়ী এদিন এ বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হয় রুটি ও হালুয়াসহ নানা মিষ্টান্ন। দরিদ্র মানুষও তার ভাগ পান।
রাজধানীসহ সারাদেশের অনেক মসজিদে ওয়াজ মাহফিল ও জিকির আজকারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করব।"
শেখ হাসিনা তার বাণীতে সব ধরনের ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতা পরিহার করে 'শান্তির ধর্ম' ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব স্তরে প্রয়োগ করার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এ রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানান।
মহানগর পুলিশের সতর্কতা
এদিকে শবে বরাতের 'পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায়' ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন এবং আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শবে বরাতের রাতে আনন্দ করার জন্য বিশেষ করে পুরনো ঢাকায় ঐতিহ্য অনুযায়ী শিশু-কিশোররা বাজি পুড়িয়ে থাকে। এ থেকে কখনো অগ্নিকাণ্ড বা এধরণের দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে প্রতিবছর এ ধরণের নিষেধাজ্ঞা জারি করা হয়। সশব্দ পটকা ইবাদতে বিঘ
bdnews24