মৌলভীবাজার, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুরি উপজেলার শিলুয়া চা বাগানের কুচাই এলাকায় বুধবার ভোরে টিলা ধসে মাটি চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত দীপক কুমার পাল (১৯) প্রয়াত নকুল প্রসাদ পালের ছেলে। দীপক উপজেলা সদরের তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
দীপকের বড় ভাই রাজকুমার পাল জানান, চা বাগানের টিলায় টিন-বাঁশের ছোট একটি ঘরে দীপক একা থাকত। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ওই ঘর থেকে দীপকের গুণগুণ পড়ার শব্দ শোনা যাচ্ছিল। সারারাত বৃষ্টি হয়। ভোর পাঁচটার দিকে ঘরের পিছনের উঁচু টিলার মাটি ধসে দীপকের ঘরে উপর পড়ে। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে গিয়ে উদ্ধারের চেষ্টা করে সবাই। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জুরি থানার উপ-পরিদর্শক সিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দীপকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জুরি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24