২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের ঠিকাদার ফারুক অপহরণের ১৬ ঘণ্টা পর মুক্ত

অপহরণের ১৬ ঘণ্টা পর মুক্তি পেলেন বান্দরবানের ঠিকাদার ফারুক আহমদ (৬০)। বুধবার সকালে তিনি বাড়ি ফিরেছেন। মঙ্গলবার বিকালে তাকে অপহরণ করা হয়েছিল। মুক্তিপণের বিনিময়ে ফারুক ছাড়া পেয়েছেন- স্থানীয়রা এ কথা বললেও অপহরণকারীদের কী পরিমাণ টাকা দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুলছে না কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 05:34 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

বদরুল ইসলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বান্দরবান, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১৬ ঘণ্টা পর মুক্তি পেলেন বান্দরবানের ঠিকাদার ফারুক আহমদ (৬০)। বুধবার সকালে তিনি বাড়ি ফিরেছেন। মঙ্গলবার বিকালে তাকে অপহরণ করা হয়েছিল। মুক্তিপণের বিনিময়ে ফারুক ছাড়া পেয়েছেন- স্থানীয়রা এ কথা বললেও অপহরণকারীদের কী পরিমাণ টাকা দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুলছে না কেউ। ফারুক এলাকায় ফারুক কন্ট্রাক্টর নামে পরিচিত। তার বাড়ি জেলা সদরের বনরূপা এলাকায়। তার সঙ্গে যোগাযোগ করতে চাওয়া হলে বাড়ি থেকে বলা হয়, ফারুক মুক্ত হয়ে সকাল সাড়ে ৭টায় বাড়ি ফিরেছেন। এখন তিনি বিশ্রাম নিচ্ছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যার দানেশপাড়ায় ফারুকের খামার বাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মোহাম্মদ রোকন সাংবাদিকদের জানান, ফারুক অপহরণের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তিনি বলেন, "অভিযানের মুখে অপহরণকারীরা ফারুক কন্ট্রাক্টরকে নিয়ে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের ত্রিশ টিলা এলাকায় জঙ্গলে অবস্থান নেয়। সেখান থেকে বুধবার সকালে তিনি মুক্তি পান।" মুক্তিপণের বিনিময়ে ফারুক ছাড়া পেয়েছেন কিনা- জানতে চাওয়া হলে রোকন এ প্রশ্ন এড়িয়ে যান। ফারুক মুক্তি পেয়েছেন- এ কথা জানিয়ে এর বেশি কিছু বলতে রাজি হননি রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনও। তবে ফারুকের প্রতিবেশী ছাইঙ্গ্যা এলাকার বাসিন্দা ওমর ফারুক দাবি করেছেন, মুক্তিপণের বিনিময়ে ফারুককে ছাড়িয়ে আনা হয়েছে। তবে কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি। ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিপণের টাকা নিয়ে আজ (বুধবার) ভোরে আমি, ফারুক কন্ট্রাক্টরের ছেলে করিম ও ব্যবসায়ী মো. আলীসহ ত্রিশ টিলায় যাই। সেখানে অপহরণকারীদের সঙ্গে এক ঘণ্টা আলোচনার পর টাকা দিয়ে ফারুক সাহেবকে ছাড়িয়ে আনি।" রোয়াংছড়ি থানার ওসি ও জেলার পুলিশ কর্মকর্তারা সকালে ফারুক কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে অপহরণের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়েছেন। পুলিশ অপহরণকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অপহরণকারীরা আদিবাসী বলে ওমর ফারুক জানিয়েছেন। ফারুক জেলা সদরে থাকলেও দানেশপাড়ায় তার মৎস্য খামার ও বাগান বাড়ি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.