খাগড়াছড়ি, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে খুব শিগগিরই ভূমি জরিপের কাজ শুরু হচ্ছে।
মঙ্গলবার পার্বত্য ভূমি কমিশনের প্রথম বৈঠকের পর এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
সকালে খাগড়াছড়ি সার্কিট হাউজে ওই বৈঠক হয়।
ভূমি কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শুরু করতে যাচ্ছে। এর আওতায় ভারত প্রত্যাগত আদিবাসী শরণার্থী পুনর্বাসন, অভ্যন্তরীণ উদ্বাস্ত পুনর্বাসন ও গুচ্ছগ্রামবাসীদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভূমি কমিশন চেয়ারম্যান জানান, পার্বত্য চট্টগ্রামে কোন ভূমি একাধিক ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিশন।
কার্যক্রম পরিচালনার জন্য একজন সচিবসহ ১৩ জনের লোকবল কাঠামো রয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, "বর্তমানে মাত্র দু'জন নিয়োজিত আছেন। আশা করছি শিগগিরই বাকি কর্মচারীদেরও নিয়োগ দেওয়া হবে।"
বৈঠকে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত কমিশনার নুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিং প্র" চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কার্বারী ও জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ অংশ নেন।
এদিকে চিঠি না পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কেউই বৈঠকে উপস্থিত ছিলেন না। এছাড়া ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির কোন সদস্যও বৈঠকে ছিলেন না।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা বলেন, শান্তি চুক্তির শর্ত অনুযায়ী আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তির কথা। কিন্তু বৈঠকে অংশ নেওয়ার জন্য আমাদের কোন চিঠি দেওয়া হয়নি।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা এর আগে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বৈঠকে অংশ নেওয়ার প্রস্তুতি ছিলো। কমিশনের চিঠি পেলে অবশ্যই বৈঠকে অংশ নিতাম।"
গত ১৯ জুলাই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন অনুযায়ী সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২২৫০ঘ.
bdnews24