ভোলা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে ভোলা সদর উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামে দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
হামলাকারীরা ঘরের টিন ও বেড়া খুলে নিয়ে গেছে। তারা দুটি পরিবারের কয়েকজন নারী ও শিশুকে মারধর করে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়। তবে তারা পানিতে না পড়ে ঝোপঝাড়ের ওপর পড়ায় বেঁচে যান।
দুর্বৃত্তদের হামলায় আহতদের দুজনকে ভর্তি করা হয়েছে ভোলা সদর হাসপাতালে।
এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা হয়েছে। মামলায় ফেরদৌসি নামের এক মহিলাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও নির্যাতিতরা জানায়, রাত দেড়টার দিকে গ্রামের মোস্তফা মহাজনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল একই গ্রামের দুই ভাই আব্দুল অহিদ ও বশিরের বাড়িতে হামলা চালায়। ওই সময় অহিদ ও বশির বাড়ি ছিলেন না।
হামলাকারীরা দুই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লুটপাট ও ভাঙচুর করে। তরা ঘরের টিনের চালা ও বেড়া খুলে নিয়ে যায়।
হামালায় আহতদের মধ্যে অহিদের মা নাসরিন (৫৫) ও স্ত্রী তাসনুরকে (২০) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসরিন সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা তাকে এবং তার ছেলের বউ তাসনুরকে মারধর করার হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। তারা অহিদের দুই ছেলে-মেয়ে সাদ্দাম ও ফাতেমাকেও হাত-পা বেঁধে পানিতে ছুড়ে ফেলে। তবে তারা পানিতে না পড়ে মাছের জন্য দেওয়া ঝোপঝাড়ের মধ্যে পড়েন।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
প্রতিবেশি মাহবুব মাষ্টারের স্ত্রী মুক্তা জানান, তাদেরকে ঘর থেকে বের হতে দেয়নি সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা তাদের ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। মাহবুব মাষ্টার ঘর থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে হুমকি দেয়।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশু ফাতেমা তাদের খালি ভিটার উপর বসে মায়ের জন্য কান্না করছে। তাসনুরের জা রিনা এবং অপর এক মহিলা পানির মধ্য থেকে চাল তুলছেন। পানির মধ্যে ভাসছে ভাঙচুর করা চেয়ার, টেবিল, খাটসহ অন্যসব মালামাল।
হামলাকারীদের বাড়িতে গিয়ে দেখা যায়, লুটপাট করে আনা মাল, ঘরের টিনের চালা, বেড়াসহ অন্যসব মাল স্তুপ করে রাখা আছে। বাড়িতে পুরুষদের কেউ নেই।
মোস্তফা মহাজনের মেয়ে নজুফা স্বীকার করেন, তার ভাই আলাউদ্দিন, সালাউদ্দিন ও মাহবুব আরও লোকজন মিলে রাতে দুটি বাড়ির ঘর ভেঙ্গে নিয়ে এসেছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান শেখ সাংবাদিকদের বলেন, "ঘটনাটি খুব দুঃখজনক।"
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় অহিদের ভাই ইলিয়াস বাদী হয়ে মোস্তফা মহাজনসহ ১৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24