ময়মনসিংহ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সোমবার রাতের দুর্ঘটনায় আহত আরও দুজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে দুজন এবং অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান শামীম (২০) ও রুস্তম আলী (৬৫) নামের আরও দুজন।
অগ্নিদগ্ধ আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাড়াইলগামী বাসটি রাত সাড়ে ৯টার দিকে গৌরীপুরের চরশ্রীরামপুরে পৌঁছালে বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি দোকানে উঠে পড়ে।
পুলিশ কর্মকর্তা জানান, বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান গৌরিপুরের ডৌহাখলা গ্রামের বিল্লাল (৪০) ও বিজয়নগর গ্রামের তৌফিল (৩৫)। বাসটিতে আগুন ধরে গেলে কমপক্ষে সাতজন অগ্নিদগ্ধ এবং তাড়াহুড়া করে নামতে গিয়ে আরও কয়েকজন যাত্রী আহত হন। অগ্নিদগ্ধ হয়ে মারা যান নজরুল ইসলাম (৪০) নামে আরেকজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24