শেরপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে শেরপুরে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার শেরপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন শ্রীবরদী উপজেলার মুক্তিযোদ্ধা মো. সাইজ উদ্দিন।
হাকিম মো. ইকবাল বাহার মামলাটি আমলে নিয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন- মো. কেরামত আলী মাস্টার (৬৫), মো. মোজাম্মেল হক মাস্টার (৬৭), মো. জামাল উদ্দিন (৬৩), মো. আসির উদ্দিন (৬৪), মো. সেকান্দর আলী (৬৫), মো. সাইফুল (৬৬), মো. আব্দুর রাজ্জাক (৬২), মো. আবুল হোসেন দেওয়ান (৬৫), আবু রায়হান মাস্টার (৬৩), মো. আব্দুল মান্নান ডাকাত (৬২) ও আব্দুর রাজ্জাক ওরফে এজাত (৬৩)।
বাদীর আইনজীবী গোলাম মোহাম্মদ জানান, মামলায় অভিযোগ করা হয়েছে ১৯৭১ সালের ১৪ নভেম্বর আসামিরা সাইজ উদ্দিনের বাড়িতে হানা দিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং তার মেয়েকে ধর্ষণ করে। এছাড়া তারা বছির উদ্দিন ও ইসমাইল নামে দুই মুক্তিযোদ্ধাকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪২ ঘ.
bdnews24