ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের ভয়ভীতির উর্ধ্বে উঠে ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কার্যক্রম চালাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সোমবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ ভবনে (এনইসি) নবনিযুক্ত উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করার সময় সিইসি এ নির্দেশ দেন।
নবনিযুক্ত ৯২ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শামসুল হুদা বলেন, "নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এখন স্বাধীন। ইসি সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচন কমিশন ছাড়া অন্য কারো কাছেই দায়বদ্ধ নন।"
ব্যক্তিগত ও রাজনৈতিক কোনো প্রভাব যাতে তাদের কাজের মধ্যে প্রতিফলিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা/থানা কর্মকর্তাদের দলীয় রাজনীতিতে প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়ে সিইসি বলেন, "শিক্ষাজীবনে কে কী করেছেন জানি না। তবে এখন রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেরা ডুববেন না, আমাদেরও তলাবেন না।"
গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত তিন শতাধিক উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার ব্যাপারে অস্বচ্ছ প্রক্রিয়া ও দলীয় বিবেচনার অভিযোগ ছিল। ২০০৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি তুলে ধরায় ইসি পরে শিক্ষানবিশীকালে এসব কর্মকর্তার যোগ্যতা যাচাই পরীক্ষা নেয় যাতে ৮৪ জন উত্তীর্ণ হতে ব্যর্থ হন।
নবনিযুক্ত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে সিইসি বলেন, "নিজেদের যোগ্যতা ও দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বার্ষিক মূল্যায়ন ও পদোন্নতির সময় এ বিষয়গুলোকে বিবেচনায় আনা হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসকে/১৮৪৮ঘ.
bdnews24