২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় বিডিআর এর আরেকজন সদস্যের মৃত্যু

রোববার রাজধানীর পিলখানায় বিডিআর এর আরেকজন সদস্যের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। গত ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে পিলখানাসহ সারাদেশে আত্মহত্যা, হৃদরোগ ও কিডনিজনিত রোগসহ বিভিন্ন কারণে এ নিয়ে ৩৫ জন বিডিআর সদস্যের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোববার রাজধানীর পিলখানায় বিডিআর এর আরেকজন সদস্যের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। গত ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে পিলখানাসহ সারাদেশে আত্মহত্যা, হৃদরোগ ও কিডনিজনিত রোগসহ বিভিন্ন কারণে এ নিয়ে ৩৫ জন বিডিআর সদস্যের মৃত্যু হলো। রোববার মারা যান বিডিআর সদস্য হাবিলদার মেকানিক মো. শহিদুল্লাহ (৪৭)। তিনি উপকূলীয় সহায়ক কোম্পানিতে (সংযুক্ত ইএমই শাখা, ঢাকা) কর্মরত ছিলেন। বিদ্রোহের সময় পিলখানায় থাকা বিডিআর সৈনিকরা তখন থেকে সেখানে সেনা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। ময়নাতদন্ত শেষে সোমবার সকাল ৯টায় পিলখানা বিডিআর সদর দপ্তরে হাবিলদার শহিদুল্লাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে। বিডিআর এর জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেছেন, রোববার সকালে ইএমই সৈনিক লাইনে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বাথরুমে পড়ে যান শহিদুল্লাহ। সৈনিকরা বাথরুমে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে বিডিআর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহিদুল্লাহর গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরেশ্বরাই এ। জনসংযোগ কর্মকর্তা বলেন, "বিডিআর বিদ্রোহের পর সারাদেশে বিভিন্ন কারণে ৩৫ জন বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মাত্র সাতজনের অপমৃত্যু (আত্মহত্যা) হয়েছে। বাকীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।" কোনো কোনো মহল থেকে আটক বিডিআর সদস্যদের নির্যাতনের অভিযোগ উঠেছে। বিডিআর সদস্যরা নিজেও কেউ কেউ এ ধরণের অভিযোগ করেছেন। মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের অধিকার রক্ষার জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.