সিলেট, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়ার ভাড়া বাসা থেকে রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ছাত্রীর নাম- ফাতেমা তানজিন ঝর্ণা (২২)। তিনি শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। ঝর্ণা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদে মনসুর গ্রামের মো. নিজামউদ্দিনের মেয়ে।
সিলেট কোতয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অঞ্জন রায় জানান, শিবগঞ্জ মজুমদারপাড়ার ১০৫ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝর্ণার লাশ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিল।
তিনি জানান, ঝর্ণা তার ছোট দুই ভাই, মামা ও খালুর সঙ্গে এ বাসায় ভাড়া থাকতেন। প্রেমের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এএসআই অঞ্জন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধারের সময় উপস্থিত সাংবাদিকদের কাছে ঝর্ণার খালু আবুল খায়ের জানান, তিনি (ঝর্ণা) আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24