ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী ২৯ আগস্ট বা তার পরে যে কোনও সময় তিনি বিদেশ যেতে পারবেন।
বিএনপি নেতা মওদুদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
পাশাপাশি আদালত মওদুদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৭ জুলাই মওদুদ বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট আবেদনটি দায়ের করেন।
রোববার শুনানিতে মওদুদ বলেন, "গত ২০ মে এবং ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি চিঠি দিয়ে বিদেশ যাওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা আছে কি না জানতে চাই। কিন্তু মন্ত্রণালয় এই চিঠির কোনও উত্তর দেয়নি।"
তিনি আরও বলেন, "আমি দ'ুবছর জেল খেটেছি। এরপরও আমাকে বিদেশ যেতে বাধা দেওয়া হলে তা হবে সংবিধান লংঘন।"
মওদুদ জানান, জার্মানিতে একটি ফেলোশিপের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন। আগামী ২৯ আগস্ট তার সেখানে যাওয়ার তারিখ ঠিক করা হয়েছে।
মওদুদের আবেদনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ''মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা দায়েরের তদন্ত চলছে। তাকে বিদেশ যেতে দেওয়া হলে এ তদন্ত কাজ বাধাগ্রস্ত হতে পারে।"
একই আদালত জামায়াতে ইসলামীর সাংসদ দেলোয়ার হোসেন সাঈদী ও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে বিদেশ যেতে বাধা দেওয়াকে কেনো বেআইনি ঘোষণা করা হবে তা জানাতেও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
২৭ জুলাই পৃথক রিট দায়ের করেন দেলোয়ার হোসেন সাঈদী ও হাফিজ ইব্রাহিম।
সাঈদীর রিটের চূড়ান্ত শুনানি ৬ আগস্ট এবং হাফিজের রিটের শুনানি হবে ১০ আগস্ট।
সাঈদীর পক্ষে রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
হাফিজের রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/আরএ/এমআই/১৮৩৩ ঘ.
bdnews24