২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিচারককে অবসরে পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল সরকার

দুই বিচারককে অবসরে পাঠানোর সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটেছে সরকার। আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার বলেছেন, ওই সিদ্ধান্ত বাতিল হচ্ছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই বিচারককে অবসরে পাঠানো হয়। তারা হলেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিচারককে অবসরে পাঠানোর সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটেছে সরকার। আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার বলেছেন, ওই সিদ্ধান্ত বাতিল হচ্ছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই বিচারককে অবসরে পাঠানো হয়। তারা হলেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহান। এ দুই জন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিব। আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে দুই বিচারককে অবসর দিয়েছিলেন। একইভাবে তিনি এখন তার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত বাতিল করার উদ্যোগ নিয়েছেন।" তবে এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে শফিক বলেন, "এ সংক্রান্ত নথি রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।" সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে দুই বিচারককে অবসর দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিনা- এ প্রশ্নে তিনি বলেন, "এটা পদ্ধতিগত ভুল ছিল।" এ জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে।" জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই বিচারক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীসহ শনিবার এবং রোববার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এরপরই সরকার সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেয়। ওই আদেশের বিরুদ্ধে রিট করার প্রস্ততি নিয়ে রোববার হাইকোর্টেও তারা গিয়েছিলেন। কিন্তু সরকারের আশ্বাসের ভিত্তিতে তারা রিট দায়ের করেননি বলে তাদের আইনজীবীরা জানান। সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, "সরকারের যে কোনও সিদ্ধান্ত রিভিউ করার এখতিয়ার আছে। সেটার ভিত্তিতেই এটা করা হচ্ছে।" বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে' সরকার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিবকে অবসর দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বিভক্ত করে 'লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারী অ্যাফেয়ার্স' এবং 'ল অ্যান্ড জাস্টিস অ্যাফেয়ার্স' করার প্রস্তাবিত খসড়ায় চূড়ান্ত করার প্রক্রিয়ায় অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত না করার প্রতিবাদ জানাতে সংগঠনটির প্রায় দেড় শতাধিক সদস্য আইন মন্ত্রণালয়ে যান। ওই সময় সেখানে পুলিশ গেলে হট্টগোল দেখা দেয়। এর পরই দুই বিচারককে অবসরে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এটি/আরএ/এমআই/১৮০০ ঘ.