চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুরে শনিবার দুপুরে ট্রাক ও নসিমনের (ইঞ্জিনচালিত স্থানীয় যান্ত্রিক যান) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নসিমন চালক রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাপাসিয়া পাড়ার আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং যাত্রী একই উপজেলার সিদনা গ্রামের মনসুর আলীর ছেলে আব্দুল করিম (৩৫)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফায়েত আলম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে দুপুর পৌনে ১২টার দিকে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এর চালক ও যাত্রী মারা যান।
এসআই রাফায়েত জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি ও এর চালক নাইমুল হককে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24