ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন সড়ক ও মহাসড়কে নসিমন, রহিমন, আলগামন, আলম সাধুসহ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ি জেলায় শনিবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে এসব জেলার সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে।
ছয় জেলার বাস-মিনিবাস মালিক সমিতি, মালিক গ্র"প, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘট শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়।
জেলাগুলোর সব রুটে বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাসসহ ভাড়ায় চালিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ছয় জেলার ওপর দিয়ে চলাচলকারী খুলনা বিভাগের অন্যসব জেলার দূরপাল্লার যান চলাচলও বন্ধ আছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। শাক সবজিসহ ওই অঞ্চলের বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে কৃৃষক ও ব্যবসায়ীরা।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্র"পের সাধারণ সম্পাদক ও অবৈধ যান চলাচল প্রতিরোধ কমিটির আহবায়ক হাসান আবুল ফজল বলেন, "মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের আগে আমরা জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে অনেকবার আলাপ করেছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। বাধ্য হয়ে আমরা ধর্মঘট আহবান করেছি।"
খুলনা পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ হেমায়েত হোসেন জানান, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ সুপারিনটেনডেন্টদের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করার জন্য বলা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, "আমরা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছি। আমি আশাবাদী তারা আজকের মধ্যেই আলোচনায় বসে জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মেহেরপুর: মেহেরপুর থেকে সকালে একটি বিআরটিসি বাস রাজশাহীর দিকে যাত্রী নিয়ে রওয়ানা হলে শ্রমিকদের প্রতিরোধের শিকার হয়। পরে বাসটি পুলিশের কড়া প্রহরায় মেহেরপুর অতিক্রম করলেও কুষ্টিয়া গিয়ে আবার প্রতিরোধে পড়ে আটকে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
ধর্মঘটের কারণে মেহেরপুরের স্কুল, কলেজ ও অফিস আদালতে উপস্থিতি খুবই কম ছিল।
মেহেরপুর কাঁচাবাজার সমিতির সভাপতি আব্দুল হানিফ জানান, পরিবহন ধর্মঘটের কারণে কৃষকদের প্রায় ৩২০ মেট্রিক টন সবজি আটকা পড়েছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে।
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, নসিমনসহ অবৈধ যানবহন বন্ধের দাবিতে তারা প্রতিটি জেলা প্রশাসক, পুলিশ সুপার এমনকি খুলনা বিভাগীয় কমিশনার ও পুলিশের ডিআইজিকে স্মারকলিপি প্রদানসহ দ্বি-পাক্ষিক আলোচনা করেছেন। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।
মেহেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল জানান, ধর্মঘটের আওতাধীন ছয় জেলায় যেমন কোন যানবহন চলবে না, তেমনি এ সমস্ত জেলার উপর দিয়ে অন্য জেলার পরিবহনও চলাচলে তারা বাধা সৃষ্টি করবে।
মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া: বিভিন্ন রুট থেকে আসা যানবাহন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কয়েক মাইল এলাকা জুড়ে অবস্থান করায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, সকালে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়ে কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুরের শিকার হয়েছে। বিশৃংখলা রোধে জেলা ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। শহরের মজমপুর, মঙ্গলবাড়িয়া, ত্রিমহনী, চৌড়হাস মোড় ও বাস টার্মিনালে পুলিশ টহলে আছে।
ঝিনাইদহ: সকাল থেকে বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক চলাচলও বন্ধ হয়ে গেছে। মাগুরা ও রাজবাড়ি জেলার মোটর মালিক ও শ্রমিকেরা এ ধর্মঘটে যোগ দেওয়ায় সাতক্ষীরা, যশোর, খুলনা ও ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকাগামী কোচ, বাস ও মিনিবাস চলাচলও বন্ধ হয়ে গেছে।
অনেক স্থানে পরিবহন শ্রমিকদের বাধার কারণে নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি মহাসড়ক গুেেলাতে চলাচল করতে পারেনি। বাসস্ট্যান্ডগুলোতে শত শত যাত্রী আটকা পড়ে থাকতে দেখা গেছে। স্বল্প দূরত্বের যাত্রীদের দেখা গেছে ভ্যান বা টেম্পোতে করে চলাচল করতে। সুযোগ বুঝে ভ্যান ও টেম্পো চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে।
ঝিনাইদহ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু অভিযোগ করেন, জেলা ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার কুষ্টিয়াতে মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নগুলো বৈঠক করে পরিবহন ধর্মঘটে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়।
রাজবাড়ী: ধর্মঘট চলাকালে পরিবহন শ্রমিকরা রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় ছয়টি নসিমন ও গ্রামবাংলা (শ্যালো ইঞ্জিনচালিত যান) ভাঙচুর করে। বালিয়াকান্দিতে নসিমন চালাকরা একটি বাস ভাঙচুর করে। এ নিয়ে পরিবহন শ্রমিক এবং নসিমন চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
ধর্মঘটের কারণে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী হাজার হাজার যাত্রী দৌলতদিয়া ফেরি ঘাট পর্যন্ত এসে সীমাহীন দুর্ভোগে পড়েন।
রাজবাড়ী পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল বলেন, "যে সমস্ত সড়কে বাস, মিনিবাস চলাচল করে সেসব সড়কে নসিমন, ভটভটি বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি।"
রাজবাড়ী জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, "আমরা এ ব্যাপারে শনিবার রাতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24