২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ছয়জনসহ নিহত ১০

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়নে বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে মাটি চাপায় শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের রয়েছে ছয়জন। আহত হয়েছেন আরও ১১ জন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বান্দরবান, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়নে বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে মাটি চাপায় শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের রয়েছে ছয়জন। আহত হয়েছেন আরও ১১ জন। (আরও তথ্যসহ-১) ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের পাশাপাশি লামা পৌর এলাকার প্রায় ৫০০ বসত ঘর ও লামা বাজার পানিতে তলিয়ে গেছে। নিহতরা হলেন- আজিজনগর ইউনিয়নের হরিণমারা এলাকার আবুল হোসেন (৬০), তার মা গোলনাহার বিবি (১০০), তার স্ত্রী আমেনা খাতুন (৫০), ছেলে ইউনুছ (১৭), মেয়ে সেতারা বিবি (১২) ও নাতি ওমর ফারুক (১১), তেলুনিয়া পাড়ার শওকত আলমের ছেলে রিফাত (৩), মো. আয়ুব আলীর মেয়ে রেহানা আক্তার (১১), সন্দ্বীপ পাড়ার মো. ইব্রাহিমের ছেলে মো. আলমগীর হোসেন (২৮) এবং গজালিয়া ইউনিয়নের বটতলী পাড়ার হোসেন আলীর মেয়ে ফেরদৌস (৪)। আহতদের মধ্যে আজিজনগরের ইসলামপুরের মো. জাহাঙ্গীর (২৮), নাজিম উদ্দিন (১৭), মো. বেলাল (১৬), হাবিব উল্লাহ (২০), তেলুনিয়া পাড়ার জসিম উদ্দিন ও রিয়াদকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজিজনগর বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান জানান, গভীররাতে আবুল হোসেনের কাঁচা বসত ঘরসংলগ্ন পাহাড় তাদের ঘরের উপর ধসে পড়লে পুরো ঘরটিই মাটিচাপা পড়ে। এলাকার লোকজন গিয়ে দেখে আবুল হোসেনের ঘর মাটিচাপা পড়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। লামা থানার উপ-পরিদর্শক ফারুক আহমদ জানান, সকালে তারা খবর পান আজিজনগর ইউনিয়নের হরিণমারা, সন্দীপ পাড়া ও তেলুনিয়াপাড়ায় পাহাড় ধসে বসত ঘরের নিচে লোকজন চাপা পড়ে মারা গেছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান জানান, থানা থেকে অতিরিক্ত পুলিশ, আজিজনগর ফাঁড়ির পুলিশ, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া এবং চট্টগ্রামের সাতকানিয়া থেকে দমকল বাহিনী গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হরিণমারা থেকে ছয়টি লাশ উদ্ধার করে। এ ছাড়া একই ইউনিয়নের তেলুনিয়াপাড়ায় দুজন, সন্দ্বীপ পাড়ায় একজন এবং গজালিয়া ইউনিয়নের বটতলী পাড়ায় একজনের মৃত্যুর খবরও তিনি নিশ্চিত করেন। ইউএনও বলেন, "গজালিয়া ইউনিয়নের বটতলী পাড়ার হোসেন আলীর বসত ঘরের একাংশে পাহাড় ধসে পড়লে তার চার বছরের মেয়ে ফেরদৌস মারা যায়।" তিনি জানান, ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা পানিতে লামা পৌর এলাকা ও লামা বাজারে ৩-৪ ফুট পানিতে বাজারের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এতে হাসপাতাল পাড়া, নোয়াপাড়া, বাজার পাড়া, চেয়ারম্যান পাড়া, কলিঙ্গার বিলের প্রায় ৫০০ বসত ঘর পানিতে তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য ত্রাণ হিসেবে বরাদ্দ এবং শুকনো খাবার বিতরণ করা হয়। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আহসান, জেলা পরিষদ সদস্য কাজী মো. মজিবুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৬ ঘ.