২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জঙ্গি হাবিবুল্লাহ আরও ৫ দিনের পুলিশি হেফাজতে

ভারতীয় জঙ্গি মনসুর আলী ওরফে হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় জঙ্গি মনসুর আলী ওরফে হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মনসুর আলীকে হাজির করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুর রহমান তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭দিন সময় চান। শুনানির পর মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপী পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুনানির সময় মনসুরের পক্ষে আদালতে কোন আইনজীবী জামিন অথবা অন্য কোনো আবেদন করেননি। গত ২১ জুলাই রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তারের পর মনসুরের বিরুদ্ধে পাসপোর্ট ও ফরেনার্স অ্যাক্টে মামলা হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকডিং কর্মকর্তা উপ-পরিদর্শক নওজেস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদন ও রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মনসুর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আসিফ রেজা মুসলিম কমান্ডো ফোর্সের অন্যতম সংগঠক এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা। ভারতের মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি ভারত, পাকিস্তান ও আফগানিস্তান থেকে জঙ্গিদের নিয়ে কাশ্মির ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। তার অনেক সহযোগী বাংলাদেশে আত্মগোপন করে আছে। সহযোগীদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে মনসুর আলীর সহযোগী জঙ্গি ওবায়দুল্লাহকে দ্বিতীয় দফায় পাঁচ দিন জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২২৪০ ঘ.