নোয়াখালী, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতিবাজদের কোন রকম ছাড় দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি বলেন, "বেতন ভাতা কম বলে কর্মকর্তারা দুর্নীতি করে তা ঠিক নয়। বেতন-ভাতা কম পেয়েও সততার সঙ্গে জীবন-যাপনকারী কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা নেহায়েত কম নয়। আবার উচ্চ বেতনধারীদের মধ্যে দুর্নীতিবাজ রয়েছে তাও অস্বীকার করা যাবে না।"
বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, "মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে না পারলে দুর্নীতি বন্ধ করা যাবে না।"
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিজানুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুর রাজ্জাক প্রমুখ।
এরপর দুদক চেয়ারম্যান নোয়াখালী সার্কিট হাউসে জেলা দুর্নীতি কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বিকেলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, "দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে আগামী পাঁচ বছরের মধ্যে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। এ জন্য সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রকে প্রথমে দুর্নীতি মুক্ত করতে হবে।"
দুদক চেয়ারম্যান বলেন, "নতুন প্রজন্মকে দুর্নীতিকে ঘৃণা করা শিখতে হবে। তা হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে।"
জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ, পৌর মেয়র সাহাব উদ্দিন সাবু প্রমুখ।
পরে দুদক চেয়ারম্যান লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24