ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে পুলিশের তাড়া খেড়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ দুই তরুণের মধ্যে অপরজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বেড়িবাঁধের কাছের বিলে নামলে জীবন (১৮) ও সানি (১৭) নামে ওই দুই তরুণ পানিতে তলিয়ে যায়। বুধবার জীবনের লাশ উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিলে ডুবে যাওয়া দুই জনের মধ্যে সানি নিখোঁজ ছিল। তার লাশ বৃহস্পতিবার সকালে বিলের পানিতে ভেসে উঠে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওই দুই তরুণ বাঁচার জন্য চিৎকার করলেও পুলিশ বিলের পাড়ে দাঁড়িয়ে থেকে তা দেখে চলে যায় বলে অভিযোগ উঠেছে। এমনকি তাদের চিৎকার শুনে এলাকার কয়েকজন বাসিন্দা উদ্ধারের জন্য এগিয়ে গেলেও পুলিশ তাদের বাধা দেয়।
পরে বুধবার বিকেলে দমকল বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে জীবনের লাশ উদ্ধার করে।
জীবনের চাচা আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবনসহ কয়েকজন সকাল সাতটার দিকে কালুনগরের একটি খোলা জায়গায় ফুটবল খেলছিলো। তখন পাশের একটি বাড়ি দখলের ঘটনায় দখলকারীরাসহ মাঠে যারা খেলছিল তাদেরও ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে জীবন ও সানিসহ কয়েকজন পাশের বিলে নেমে পড়ে। কিন্তু অন্য সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও তারা দুজন পানিতে তলিয়ে যায়।
আকরাম হোসেন আরও বলেন, ওই দু'জন যখন বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলো তখন এলাকার কয়েকজন বাসিন্দা তাদের উদ্ধারে এগিয়ে আসে। কিন্তু পুলিশ তাদের বাধা দিয়ে বলে 'বেটারা ডুবে মরুক'। এক পর্যায়ে পুলিশ ও উপস্থিত সবার সামনেই তারা তলিয়ে যায়।
ওসি নজরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুনগর এলাকায় একটি বাড়ি দখলের খবর পেয়ে হাজারীবাগ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নয় জনকে আটক করে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় দু'জন বিলে পড়ে যায়।
তিনি জানান, বিকেল তিনটার দিকে দমকল বাহিনীর ডুবুরী এসে এক ঘন্টা তল্লাশি চালিয়ে জীবনের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় তল্লাশি বন্ধ করে তারা চলে যায়।
পানিতে তলিয়ে যাওয়া দুজন বাড়ি দখল করতে যাওয়া দলের সদস্য বলে দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, "ফুটবল খেলার বিষয়টি সঠিক নয়। কারণ বাড়ি দখলের ঘটনা ভোরের। আর ভোরে কেউ খেলতে যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/এইচএ/১৩৫৯ ঘ.
bdnews24