শেরপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বুধবার শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ৯টি ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। অনেক স্থানে আমন বীজতলা ও সবজী বাগান ডুবে গেছে।
নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা জানান, ভোগাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মণ্ডলিয়া পাড়া, শিমুলতলা ও পূর্ব আন্ধারুপাড়া এলাকায় ৪/৫টি স্থানে এবং চেল্লাখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মন্তাসীর ভিটা এলাকায় ভাঙনের ফলে প্রবল বেগে পানি প্রবেশ করছে। এর ফলে নয়াবিল, রাম চন্দ্রকুড়া মণ্ডলিয়া পাড়া, বাঘবের ও রাজনগর ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রাম আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে।
রাস্তাঘাট ডুবে যাওয়ায় পানিবন্দি মানুষ চলাফেরায় দুর্ভোগের শিকার হচ্ছে বলে তিনি জানান।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জানান, মহারথি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিঘির পাড় এলাকায় ভাঙনের ফলে প্রবল বেগে পানি ঢুকে উপজেলা সদর, হাতিবান্দা, মালিঝিকান্দা, ধানশাইল ও কাংশা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
আমন বীজতলা ও সবজী বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24