২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রিড' এর প্যারাসিটামলে ডাই ইথাইল গ্লাইকল পাওয়া গেছে

রিড কোম্পানির প্যারাসিটামল সিরাপের নমুনায় শরীরের জন্য ক্ষতিকর ডাই ইথাইল গ্লাইকল পাওয়া গেছে। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিং এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিড কোম্পানির প্যারাসিটামল সিরাপের নমুনায় শরীরের জন্য ক্ষতিকর ডাই ইথাইল গ্লাইকল পাওয়া গেছে। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিং এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক একথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে রিড ফার্মার নমুনায় ক্ষতিকারক ডাই ইথাইল গ্লাইকল পাওয়া গেছে। অধ্যাপক ডা. রুহুল হক জানান, রিড ফার্মা নামের ওই কোম্পানির প্যারাসিটামলের মোড়কে 'সাসপেনশন' লেখা থাকলেও ভেতরের ওষুধটি ছিল সিরাপ। তবে তাদের সিরাপ উৎপাদনের অনুমোদন ছিল না। দেশে ৫টি কোম্পানির প্যারাসিটামল সিরাপ তৈরির অনুমোদন রয়েছে বলেও জানান তিনি। প্যারাসিটামল সিরাপ সেবনে ২৫ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্মসচিব ডা. মো আবদুল জলিলকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়। কমিটি দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শ'র বেশি নমুনা সংগ্রহ করে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে পরীক্ষা করে। তদন্ত শেষে কমিটি বুধবার বিকালে মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়। মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, "এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে ২ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের জেল। এ কোম্পানির বিরুদ্ধে কোন ধরনের আইনী ব্যবস্থা নেওয়া হবে তা আন্তঃমন্ত্রণলয় বৈঠক করে পরে জানানো হবে।" নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিশু মৃত্যুর ঘটনার পর সেখান থেকে সংগৃহীত নমুনায়ও বিষাক্ত গ্লাইকল পাওয়া গেছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "কোম্পানিটির বিরুদ্ধে ওষুধ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।" ডাই ইথাইল গ্লাইকল মূলত প্লাস্টিক বা চামড়ার রঙের থিনার হিসাবে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, প্যারাসিটামল সিরাপ তৈরিতে প্রোপাইলিন গ্লাইকল ব্যবহার করা হয়। এটি সিরাপ তৈরিতে দ্রাবক হিসাবে কাজ করে। কারণ প্যারাসিটামল পানিতে দ্রবীভূত হয় না। মূলত দামে সাশ্রয়ী ও পরিমাণে কম লাগার কারণে অসাধু ওষুধ প্রস্তুতকারকরা প্যারাসিটামল সিরাপ তৈরিতে ডাই ইথাইল গ্লাইকল ব্যবহার করে। অনেকক্ষেত্রে কাঁচামাল বিক্রেতারাও ভেজাল হিসাবে তা সরবরাহ করে। ওষুধ প্রস্তুতকারীর তরফে সততা বা সতর্কতার অভাবে এ বিষাক্ত উপাদানই ওষুধে ব্যবহৃত হয়ে জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচসি/এএল/এসকে/২১৪৭ঘ.