২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার আদালত

একটি হত্যা মামলার রায়ে বুধবার পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। মুন্সীগঞ্জের এক যৌনকর্মীকে হত্যার দায়ে তাদের এ সাজা দেওয়া হলো। দুপুরে ঢাকার ২ নং দ্রুত বিচার আদালতের বিচারক মহসীন মোল্লা এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলার রায়ে বুধবার পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। মুন্সীগঞ্জের এক যৌনকর্মীকে হত্যার দায়ে তাদের এ সাজা দেওয়া হলো। দুপুরে ঢাকার ২ নং দ্রুত বিচার আদালতের বিচারক মহসীন মোল্লা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- স্বপন প্রধান, বাপ্পী বেপারী, নজরুল মিয়া, মিলন ও মোহাম্মদ হোসেন বাচ্চু। এদের সবার বাড়ি মুন্সীগঞ্জ শহরে। ২০০৬ সালে যৌনকর্মী মোসাম্মৎ জেসমিন হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ হলো। মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচজনকেই ৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাপ্পী ছাড়া অপর সবাই রায়ের সময় আদালতে হাজির ছিল। নজরুল ও মিলন হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। রায়ের বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৫ আগস্ট রাতে মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও মানিকপুরের রাস্তা থেকে যৌনকর্মী জেসমিনকে পাশের ফসল গবেষণা কেন্দ্র সংলগ্ন হেলিপ্যাড মাঠে নিয়ে যায় আসামিরা। অর্থ নিয়ে বচসার এক পর্যায়ে শ্বাসরোধে খুন করা হয় জেসমিনকে। ঘটনার পরদিন পুলিশ লাশ উদ্ধার করে। এরপর ৭ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মাজেদ মণ্ডল বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বিচারকালে রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৫০২ ঘ.