ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের কারণে মঙ্গলবার ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনসহ চলতি মাসে রাজধানীতে একই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তবে এর দায় নিতে চাচ্ছে না কেউই।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) বলছে, ১২ জনের মধ্যে বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিড়ে দুই জন মারা গেছেন। বাকিরা ঢাকা সিটি কর্পোরেশনের বিদ্যুতের খুঁটি কিংবা অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার।
সোমবার রাত থেকে অব্যাহত বর্ষণের পর মঙ্গলবার দুপুর পর্যন্তরাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এর আগে গত ১ জুলাই লালবাগের নাজিমউদ্দিন সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়। এর ২৪ ঘণ্টার ব্যবধানে ২ জুলাই মগবাজারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক গৃহকত্রী ও গৃহকর্মী। সেদিনই কর্মরত অবস্থায় কদমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক প্রাণ হারান। ওই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়।
এছাড়া ৬ জুলাই ধানমণ্ডির একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
ডিপিডিসি'র ব্যাবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণত ঝড়-বৃষ্টির সময় আমরা সতর্ক থাকি। কোথাও তার ছেড়া বা অন্য সমস্যার খবর পাওয়া মাত্রই লাইন বন্ধ করে দেওয়া হয়। এরপর তা পরীক্ষা করে চালু করা হয়।"
তিনি বলেন, "মঙ্গলবার যে দুর্ঘটনাগুলো ঘটেছে এরজন্য ডিপিডিসি দায়ী নয়। ভাষানটেকের লাইন ডেসকোর। আর আরামবাগে যে ব্যক্তি মারা গেছে সে সিটি কর্পোরেশনের স্ট্রিট লাইটের পোল থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন। আর ডেমরার মহিলা বাসায় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।"
মঙ্গলবার মোহাম্মদপুর, রাজাবাজর, কমলাপুর এলাকায় বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তার জন্য বিদ্যুতের সরবরাহ লাইন বন্ধ রাখার কথা জানিয়ে আতাউল মাসুদ বলেন, "যেসব এলাকায় পানি কমেছে সেসব এলাকায় লাইন চালু হয়েছে। তবে নাখালপাড়ার কিছু এলাকায় পানি না কমার কারণে লাইন চালু করা যাচ্ছে না।"
প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের সরবরাহ লাইনে কোনও সমস্যা হলে তিনি তাৎক্ষণিক ডিপিডিসির নিয়ন্ত্রণকক্ষে জাননোরও অনুরোধ জানান।
ডেসকোর ব্যাবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ বলেন, "রিলে সিস্টেম অনুযায়ী কোথাও তার ছিড়ে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ভাষানটেকে তার ছেঁড়ার পরও যদি লাইন বন্ধ হয়ে না গিয়ে থাকে তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২২২৫ ঘ.
bdnews24