ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ুর প্রবাহের সঙ্গে লঘুচাপের সম্মিলন- আর এতেই আকাশ ভেঙে বৃষ্টি। বর্ষায় এই বৃষ্টি ভেঙে দিয়েছে ৫৩ বছর আগের রেকর্ড। তবে বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ রাশেদুজ্জামান মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুলাই মাসে ঢাকায় গড়ে ৩৭৩ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। সেখানে মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৬ ঘণ্টায় হয়েছে ২৯০ মিলিমিটার। জুলাই মাসের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।"
অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ু প্রবাহের অক্ষ রেখার সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপের মিলে যাওয়ার কারণেই স্বল্পতম সময়ে এত ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ্যার ভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় 'ক্লাউড আউট বার্স্ট'।
রাশেদুজ্জামান জানান, ১৯৫৬ সালের ১৩ জুলাই ২৪ ঘণ্টায় ৩২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আর সর্বোচ্চ ৩৪১ মিলিমিটার বৃষ্টি ঢাকায় রেকর্ড করা হয় ২০০৪ সালে, তবে তা সেপ্টেম্বরে।
তিনি বলেন, "আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে।"
তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি কমতে থাকে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ আয়েশা খাতুন।
সোমবার রাত নয়টার দিকে শুরু হওয়া বৃষ্টি সারা রাত প্রায় অব্যাহতভাবে চলে রাজধানীর সর্বত্র জুড়ে রাস্তাঘাট ও নিচু এলাকার ঘরবাড়ি জলমগ্ন করে দেয়। সারা রাত ধরেই বিভিন্ন ধরনের যন্ত্রচালিত যানবাহন পথে বিকল হয়ে পড়ায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জলাবদ্ধতার কারণে রাজধানীর অনেক স্থানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সংযোগের মিটার পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রাজধানীর সীমিত জলনিষ্কাশন ব্যবস্থা যে পরিমাণ বৃষ্টির পানি সরাতে সক্ষম তার চেয়ে বহুগুণে বেশি বৃষ্টি হওয়ার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "অল্প সময়ে অতি অধিক বৃষ্টি হয়েছে। ৬ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে শুধু ঢাকা শহর নয় বিশ্বের যে কোনও শহরে হলেও জলাবদ্ধতার সৃষ্টি হতো। এছাড়া আমাদের রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার ত্র"টি ও অপর্যাপ্ততাতো আছেই।"
তিনি বলেন, "এ সময়টাতে সাধারণত মৌসুমী বায়ু প্রবাহ এবং মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়ে থাকে। প্রতিদিনের গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ মিলিমিটার। সে হিসেবে ২৪ ঘণ্টায় ৩৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৬ ঘণ্টায় ২৯০ মিলিমিটার। এ থেকেই ধারণা করা যায় কত বেশি বৃষ্টি হয়েছে।"
বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চট্টগ্রামে। ২০০৭ সালের ১১ জুন বন্দরনগরীতে ৪২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24