২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষায় ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা প্রশাসকদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাদারি মনোভাব এবং সততার সঙ্গে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এ ক্ষেত্রে কোনও সমস্যা হলে সরকার তা দেখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা প্রশাসকদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাদারি মনোভাব এবং সততার সঙ্গে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এ ক্ষেত্রে কোনও সমস্যা হলে সরকার তা দেখবে। তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার শেখ হাসিনা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, "স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও পেশাদারিত্ব প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ। তাই এ ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। তবে জেলা প্রশাসকরা সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনে কোনও সমস্যার সম্মুখীন হলে সরকার তা দেখবে।" প্রধানমন্ত্রী জঙ্গি নির্মূলেও জেলা প্রশাসকদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন। একইসঙ্গে সেবামুখী প্রশাসনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা দেরিতে শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের সভাপতিত্বে এ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও যশোরের জেলা প্রশাসক বক্তব্য রাখেন। তিন দিনব্যাপী সম্মেলনে জেলা প্রশাসকদের সমস্যা সমাধান এবং প্রশাসন পরিচালনায় বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাঠ পর্যায়ের প্রশাসনের অনুভূত সমস্যাগুলো সম্মেলনে তুলে ধরবেন জেলা প্রশাসকরা। জলমহাল ইজারা, অর্পিত সম্পত্তি, খাস জমি, ভূমি অধিগ্রহণ ও মাঠ পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি তদারকি নিয়ে সম্মেলনে আলোচনা ও মতবিনিময় হবে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জেলা প্রশাসকদের উদ্দেশে ভাষণ দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এতে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে সুপারিশসহ প্রায় ৩০০টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসকরা লিখিতভাবে এসব বিষয় মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছেন। গত ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করলেও আনুষ্ঠানিক সম্মেলন এটিই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমকে/এমআরএফ/এমআই/১৮৩২ ঘ.