ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকার সদ্য বিদায়ী চেয়ারম্যান কাজী ফারুকসহ ছয়জনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার ঢাকার ৪ নম্বর বিশেষ আদালতে বিচারক জেসমিন আনোয়ার অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন তিনি।
কাজী ফারুক ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- মাহবুবুল করিম, ডেভিড উইলিয়াম বিশ্বাস, ইউসুফ আলী মিয়া, আমিনুল রহমান ও আলমগীর খান। এরা সবাই প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
২০০৮ সালের ৯ জুন মতিঝিল থানায় দুর্নীতি দমন কমিশন মামলাটি করে। এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা দাতা সংস্থা থেকে পাওয়া অনুদান এনজিও ব্যুরোর অনুমতি ছাড়া মূল অ্যাকাউন্ট থেকে অন্য একটি এফসি অ্যাকাউন্টে পাচার করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২৩৪৯ঘ.
bdnews24