ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় সোমবার এক গৃহবধু খুন হয়েছেন এবং এক চিংড়ি ঘের কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। একইদিন বগুড়ায় ছেলের হাতে মা এবং দুর্বৃত্তের হাতে একাধিক মামলার আসামি নিহত হন। মুন্সীগঞ্জে রোববার গভীর রাতে খুন হয়েছে অঞ্জাতনামা দুই পাগল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় হালিমা খাতুন নামের এক গৃহবধু খুন হয়েছেন। সদর উপজেলায় চিংড়ি ঘের কর্মচারী বাবুর আলীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল হক জানান, আট বছর আগে দেবহাটা উপজেলার হাফিজুল ইসলামের সঙ্গে কালিগঞ্জের হালিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হালিমার ওপর নির্যাতন করত। সোমবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী হাফিজুল ও শাশুড়ি হামিদা খাতুন হালিমাকে পিটিয়ে হত্যা করে।
হাফিজুল পলাতক রয়েছে। তবে শ্বাশুড়ি হামিদা খাতুনকে পুরিশ গ্রেপ্তার করেছে। হালিমার বাবা আব্দুর রাজ্জাক থানায় একটি মামলা করেছেন।
হালিমার ছয় বছরের এক মেয়ে আছে।
এদিকে সদর থানার উপ-পরিদর্শক খালিদ মুন্সি জানান, উপজেলার দাঁতভাঙ্গা বিলের একটি চিংড়ি ঘের থেকে সোমবার বাবুর আলী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাবুর আলী উপজেলার বলদঘাটা গ্রামের নেছার আলীর ছেলে।
তিনি বলেন, বাবুর আলী দীর্ঘদিন ধরে দাঁতভাঙ্গা বিলে একটি চিংড়ি ঘেরে পাহারাদারের কাজ করত। সোমবার সকালে ওই ঘেরের একটি টংঘরে বাবুর আলীর ঝুলন্ত লাশ যাওয়া যায়।
পাশের একটি চিংড়ি ঘের কর্মচারির স্ত্রীর সঙ্গে তার পরকীয়া প্রেমের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে বাবুরের বড়ভাই নূর ইসলাম থানায় একটি মামলা করেছেন।
বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ছেলের ছুরিকাঘাতে নিহত হন বৃদ্ধা রওশন আরা (৬০)। সোনাতলা উপজেলায় দুর্বৃত্তের হাতে নিহত হন মতিয়ার রহমান মানু নামের একজন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, উপজেলার বাথোই গ্রামের রায়হান আলী বাড়ির জায়গা-জমি নিয়ে বাবা-মা ও বোনের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ছুরি দিয়ে মা রওশন আরাকে আঘাত করে। এ সময় সে খালা আলেদা খাতুন (৬৫), ছোট বোন রাবেয়া খাতুন (৩০) এবং বাবা আব্দুর রহমান বাচ্চুকেও মারধর করে পালিয়ে যায়।
এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রওশন আরা মারা যান।
এদিকে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার পশ্চিম করমজা গ্রামে ভোরে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে মতিয়ার রহমান মানু নিহত হন।
মানুর বিরুদ্ধে থানায় এক ডজনেরও অধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
মুন্সীগঞ্জ: টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া ঈদগাহ মাঠে রোববার গভীর রাতে অঞ্জাতনামা দুই পাগল খুন হয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, দু'জনের মাথায় ইটের আঘাত রয়েছে। এই ঘটনাটি দু'পাগলের মারামারির কারণে ঘটে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ময়না তদন্তকারী কর্মকর্তা ডা. এহসানুল করিম জানান, দু'জনের মাথায় ইটের আঘাতের ক্ষত রয়েছে। শরীরে অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24