পটুয়াখালী, জুলাই ২৭ (নিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘু চাপের প্রভাবে পটুয়াখালীসহ ওই অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। তিন থেকে চার ফুট উঁচু ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ছে। রোববার রাত থেকে এক টানা বৃষ্টি হচ্ছে।
বৈরি আবহাওয়ার কারণে উপকূলের নদ-নদীও উত্তাল হয়ে উঠেছে। এ কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ ১৯টি নৌপথে ৬৫ ফুটের কম দৈর্ঘের নৌযান চলাচল সোমবার সকাল ৯টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ূচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীর মেঘমালার সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পটুয়াখালী বন্দর কর্মকর্তা শহীদুল্লাহ মিয়া জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল ৯টা থেকে পটুয়াখালীর আভ্যন্তরীণ ১৯টি নৌপথে ৬৫ ফুটের কম দৈর্ঘের নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এসব নৌযান আবার চলাচল করবে।
পটুয়াখালী আবহাওয়া কার্যালয়ের সিনিয়র অবজারভার রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ১টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24