ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক প্রধান সৈয়দ রেজ্জাকুল হায়দার ও সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার মো. সাহাবুদ্দিন আহমেদকে কেন জামিন মঞ্জুর করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ রেজ্জাকুল ও সাহাবুদ্দিনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
রেজ্জাকুলকে কেন জামিন দেওয়া হবে না সরকারকে আগামী ১০ দিনের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে। সাহাবুদ্দিনকে কেন জামিন দেওয়া হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তা জানতে চায় আদালত।
গত ২০ জুলাই সাহাবুদ্দিন হাইকোর্টে জামিনের আবেদন করেন। এর আগের দিন রেজ্জাকুল হায়দার একই আদালতে জামিনের আবেদন দায়ের করেছিলেন।
সাহাবুদ্দিনের পক্ষে জামিনের আবেদনটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইঞা।
শুনানিতে তিনি বলেন, দশ ট্রাক অস্ত্র মামলায় এখন অধিকতর তদন্ত চলছে। তদন্তের এ পর্যায়ে সাহাবুদ্দিনকে জামিন দেওয়া যেতে পেরে। কারণ, মামলার এজাহার ও অভিযোগ পত্রে সাহাবুদ্দিনের নাম ছিল না। জামিন পেলে তিনি এর অপব্যবহার করবেন না।
আদেশের পর হাবিবুল ইসলাম ভুইঞা সাংবাদিকদের জানান, সাহাবুদ্দিনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।
সাহাবুদ্দিনের জামিন আবেদনের ওপর আদেশ দেওয়ার পর আদালত রেজ্জাকুলের জামিন আবেদনের শুনানি গ্রহণ করে।
রেজ্জাকুলের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নিয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী প্রশ্ন রাখেন, অপর কেউ রেজ্জাকুলকে জড়িয়ে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিলেই তার ভিত্তিতে তাকে আটক রাখা কি সমীচিন?
সরকার পক্ষে জামিন আবেদন দুটির বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাটর্র্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল আলম। তাদের সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
এ মামলায় গত ৩ মে সাহাবুদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৬ মে রেজ্জাকুলকেও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিতে দশ ট্রাক অত্যাধুনিক অস্ত্রের চালান ধরা পরে। এ ঘটনায় নগরীর কর্ণফুলি থানায় ৪ এপ্রিল একটি অস্ত্র আটক ও একটি অস্ত্র চোরাচালান মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০১৫ ঘ.
bdnews24