মৌলভীবাজার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের শিবির কার্যালয় ও পাশ্ববর্তী জুড়ী উপজেলা সদর থেকে রোববার রাতে অস্ত্রসহ তিন শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এরা হলেন- ইসলামী ছাত্রশিবির নেতা দেলোয়ার হোসেন, লোকমান হোসেন ও আবদুল কাইয়ুম।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আজাদ বলেন, রোববার রাত ৯টায় বড়লেখা উপজেলা সদরের মুজাহিদ মার্কেটের দোতলায় ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় থেকে অস্ত্রসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে জুড়ী উপজেলা সদর থেকে লাকমান হোসেন ও আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় শিবির ক্যাডার হিসেবে তারা পরিচিত ।
এদের মধ্যে দেলোয়ার হোসেনের কাছ থেকে ৪টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও ১টি চাকু উদ্ধার করা হয় বলে তিনি জানান।
শনিবার বড়লেখা ডিগ্রি কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের সময় থানার ওসি এ এস এম আজাদসহ অন্তত ১৫ জন ছাত্র আহত হন।
ওই ঘটনায় রোববার বড়লেখা থানায় পুলিশ মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৩৩৫ ঘ.
bdnews24