২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা: আরও তদন্তের বিষয়ে সিদ্ধান্ত ৩ আগস্ট

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটির অধিকতর তদন্তের আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার। এ মামলায় আরও (অধিকতর) তদন্তের আবেদন করা যাবে কিনা সে বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটির অধিকতর তদন্তের আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার। এ মামলায় আরও (অধিকতর) তদন্তের আবেদন করা যাবে কিনা সে বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেছে আদালত। দুপুরে শুনানি গ্রহণের পর ঢাকার ১ নং দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন এই দিন ধার্য করেন। আবেদনটির ওপর সর্বশেষ শুনানির সময় সোমবার বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতে বলেন, "রাজনৈতিকভাবে হয়রানি এবং অধিকতর তদন্তের নামে বিরোধী দলের অনেক রাজনীতিককে এ মামলায় জড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের এ আবেদন করেছে।" খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের সূত্র ধরে পিন্টুর অপর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "সরকার এ মামলাটি নিয়ে বিভিন্ন কায়দায় বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে।" রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান গত ২৫ জুন অধিকতর তদন্তের এ আবেদন করেন। চারটি ধার্য তারিখে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে মামলা দুটির বিচার চলছে। মোট ৪ শতাধিক সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সাক্ষীদের মধ্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলও রয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে। ২০০৮ সালের ১১ জুন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটির অভিযোগপত্র দাখিল করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও রয়েছে সিআইডির বিরুদ্ধে। সিআইডির দেওয়া অভিযোগপত্রে পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। এদের মধ্যে পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এইচএ/১৪০০ ঘ.