২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মতিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না সংসদীয় তদন্ত কমিটি'

বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় কমিটি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না বলে জানিয়েছেন এর প্রধান মো. শাহ আলম। রোববার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় কমিটি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না বলে জানিয়েছেন এর প্রধান মো. শাহ আলম। রোববার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। সাংসদ শাহ আলম বলেন, "মতিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণসংবলিত পর্যাপ্ত নথিপত্র আমাদের হাতে আছে। তাই আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আমরা তলব করবো না।" তিনি জানান, বৈঠকে সাবেক সচিব ও সহকারি সচিব স্বীকার করেছেন যে ইসহাক ব্রাদার্সকে কাজ পাইয়ে দেওয়ার জন্য উপদেষ্টা মতিন তাদেরকে চাপ দিয়েছিলেন। অবশ্য গত ২৯ জুনের বৈঠক শেষে শাহ আলম বলেছিলেন, মতিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। শাহ আলম বলেন, "আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা এমনসব নথিপত্র জমা দিয়েছেন যা থেকে ইসহাক ব্রাদার্সকে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মতিনের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।" তিনি আরো জানান, সংসদীয় উপকমিটি আগামী ৩০ জুলাই বৈঠকে বসে এব্যাপারে তাদের রিপোর্ট চূড়ান্ত করে যতো তাড়াতাড়ি সম্ভব সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠাবে। এরপর সংসদীয় স্থায়ী কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জানাবেন। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অভিযোগ, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাবেক উপদেষ্টা মতিন তার শেষ কর্মদিবসে 'ইসহাক ব্রাদাসর্' নামের একটি নতুন কোম্পানিকে কাজ পাইয়ে দেন। বিষয়টি খতিয়ে দেখতে সরকার দলীয় সাংসদ মো. শাহ আলমের নেতৃত্বে চার সদস্যের একটি উপ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলাম এবং বিএনপি'র মোস্তফা কামাল পাশা। এ অভিযোগ তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ২৭ মে চার সদস্যের এ কমিটি গঠনের পর এক সংবাদ সম্মেলন করে কোনও অনিয়ম না করার দাবি করেন মতিন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গঠন করা গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটিরও প্রধান ছিলেন মতিন। সংসদীয় স্থায়ী কমিটি জানায়, মতিন টেন্ডার কমিটির প্রতিবেদন মূল্যায়নের জন্য ৫ জানুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড মিটিং ডাকেন বলে বন্দরের নথিপত্রে রয়েছে। কমিটি বলছে, ওই বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ ইসহাক ব্রাদার্সকে ২৪ ঘণ্টার মধ্যে কাজ পাইয়ে দেওয়ার জন্য ফাইলটির প্রাথমিক কাজ সম্পন্ন করে তা বিমানযোগে ঢাকায় পাঠিয়ে দেয়। তারা আরও বলছে, ফাইলটি ৬ জানুয়ারি সকালেই অনুমোদিত হয় এবং উপদেষ্টার স্বাক্ষরের পর প্রয়োজনীয় কাজের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়। বঙ্গভবনে নতুন সরকার শপথ নিচ্ছে এমন সময় ইসহাক ব্রাদার্সকে কাজটি দেওয়া হয়। ফাইলটি ৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রামে পৌঁছায় এবং বন্দর কর্তৃপক্ষ রাত ৯টায় ইসহাক ব্রাদার্সকে কাজ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৯৩৫ ঘ.