ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক বৃদ্ধের ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার রাতে মতিঝিল থানার উপ-পরিদর্শক মিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ সেলিম জানান, একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর উপ-পরিদর্শক মিরাজুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মতিঝিল থানার একজন কর্মকর্তা জানান, গত ১৯ জুলাই রাতে ৯৬ ফকিরাপুলের একটি মেসে গিয়ে আকলুস মিয়া নামের এক বৃদ্ধের কাছ থেকে উপ-পরিদর্শক মিরাজুল ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আসেন। আকলুস মিয়ার বাড়ি হবিগঞ্জের কালিয়াডাঙ্গা এলাকায়। ছেলে নাজমুল মিয়াকে এ বছর লিবিয়া পাঠানোর কথা ছিল। ভিসা-পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরীর জন্য ১ লাখ টাকাসহ ছেলেকে নিয়ে ঢাকায় এসে ৯৬, ফকিরাপুলের তৃতীয় তলায় তার এক আত্মীয়ের মেসে উঠেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মিরাজুলসহ তিনজন পুলিশ সদস্য সাদাপোশাকে ওই মেসে যান। এসময় বৃদ্ধ আকলুস, ছেলে নাজমুলসহ মেসের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। তাদের ঘুম থেকে ডেকে তুলে মিরাজুল জানান কক্ষ তল্লাশি করা হবে।
এসময় মিরাজুল তল্লাশি করে কক্ষের ভেতরে আকলুস মিয়ার ১ লাখ টাকা পান। এরপর তাদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। বৃদ্ধ এ প্রস্তাবে রাজি হলে পুলিশের সোর্সের জন্য আরো ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা নেন মিরাজুল। ঘটনার দু'দিন পর বৃদ্ধ তার এক আত্মীয়ের পরামর্শে মতিঝিল জোনের উপ-কমিশনারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
মতিঝিল জোনের উপ-কমিশনার খন্দকার মুহিতউদ্দীন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/এইচএ/২২০০ ঘ.
bdnews24