২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব, ভ্যাকসিনের সংকট

নাটোরের সর্বত্র গরুর খুরা রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে। তবে পশুসম্পদ বিভাগ মারা যাওয়া গরুর সংখ্যা জানাতে পারেনি। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক না থাকায় গরু মালিকরা অবৈধভাবে আসা ভারতীয় ভ্যাকসিন ব্যবহার করছেন। এসব ভ্যাকসিন রোগ প্রতিরোধে তেমন কোন কাজে আসছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

নাটোর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের সর্বত্র গরুর খুরা রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে। তবে পশুসম্পদ বিভাগ মারা যাওয়া গরুর সংখ্যা জানাতে পারেনি। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক না থাকায় গরু মালিকরা অবৈধভাবে আসা ভারতীয় ভ্যাকসিন ব্যবহার করছেন। এসব ভ্যাকসিন রোগ প্রতিরোধে তেমন কোন কাজে আসছে না। নাটোর পশুসম্পদ কার্যালয় জানায়, জুলায়ের প্রথম সপ্তাহ থেকে নাটোর সদর, সিংড়া, গরুদাসপুর, বাগাতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় বিপুল সংখ্যক গরু খুরা রোগে আক্রান্ত হতে শুরু করে। ক্রমেই আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। নাটোর সদরের গাজীর বিল এলাকার আবুল কাশেমের নাটোর মর্ডান এগ্রো বেজড ইন্ডাষ্ট্রির গাভীর খামারে গিয়ে দেখা যায়, সেখানে থাকা ৯০টি বিদেশী উন্নতজাতের গরুর মধ্যে ৪০টি খুরা রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৩টি গাভী বর্তমানে গর্ভবতী। খুরারোগে আক্রান্ত অবস্থায় গাভী বাচ্চা প্রসব করলে বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। গত চার দিনে তার খামারের চারটি গরু এ রোগে মারা গেছে। আক্রান্ত গরুগুলোর মুখ দিয়ে লালা পড়ছে, পায়ে ঘা হয়েছে, খেতে পারছে না এবং গরুগুলো দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে শুয়ে হাফাচ্ছে। আবুল কাশেম জানান, সরকারি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ভারতীয় ভ্যাকসিনের দাম ঢাকায় আটশ' টাকা হলেও নাটোরে ১৮শ টাকার নিচে পাওয়া যায় না। তার পরও এগুলো দিয়ে কোন কাজ হচ্ছে না। সরকারি পশু হাসপাতাল থেকেও ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাচ্ছে না। জেলা পশুসম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, এই সময় প্রতিবছর খুরা রোগ বাড়ে। তাই এবারও তারা রোগ প্রতিরোধে সতর্ক রয়েছেন। করণীয় নির্ধারণ করতে গত বুধবার রাজশাহীতে ১৬ জেলার পশুসম্পদ কর্মকর্তাদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। তিনি জানান, সভায় ভ্যাকসিন সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনের তুলনায় খুব কম সংখ্যক ভ্যকসিন সরবরাহ করা হচ্ছে। কিছু খামারী ভারতীয় ভ্যাকসিন ব্যবহার করছেন। তবে এসব ভ্যাকসিনের সুফল পাওয়া যাচ্ছে না বলেও অনেক খামারী অভিযোগ করেছেন। তিনি নিজেও মনে করেন অবৈধভাবে আসা ভ্যাকসিনের মান ভাল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.