ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণের জন্য দায়ী আন্তর্জাতিক একটি তেল কোম্পানির কাছ থেকে জ্বালানি মন্ত্রণালয়কে ক্ষতিপূরণ আদায় করতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি এম কে আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার এখনো ওই কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে।"
১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়া গ্যাসক্ষেত্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিস্তির্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে কূপ খননের দায়িত্বে ছিল মার্কিন তেল কোম্পানি অক্সিডেন্টাল।
আলমগীর বলেন, "আমরা পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়কে বিদেশি কোম্পানিটির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বলেছি। বৈঠকে পেট্রোবাংলা জানিয়েছে ওই কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হচ্ছে।"
তিনি বলেন, কমিটির সদস্যরা মনে করেন অক্সিডেন্টালের অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।
কমিটির সভাপতি বলেন, চুক্তি অনুযায়ী ব্যর্থতার জন্য কোম্পানিটিকে অবশ্যই সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।
মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার জ্বালানি সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটি ১৯৯৭ সালের ৩০ জুন তাদের প্রতিবেদন পেশ করে।
তবে প্রতিবেদনটি আজো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
এছাড়া ঘটনা তদন্তে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও তিন সাংসদকে নিয়ে আরেকটি কমিটি গঠন করে। এছাড়া বন বিভাগ ১৯৯৭ সালের ১৬ ও ১৭ জুন সেখানে একটি জরিপ চালায়।
এছাড়া ২০০১ সালের অক্টোবরে তৎকালীন বিএনপি সরকার প্রতিবেদনটি স্রেফ তুলে রাখে। প্রকাশ করেনি।
এরপর ২০০৪ সালের ১২ ডিসেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিস্ফোরণের ক্ষয়ক্ষতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংসদীয় তদন্ত কমিটির এক প্রতিবেদনে ওই বিস্ফোরণে দেশের ১০ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এছাড়া ৫০ বছরের মধ্যে ওই এলাকার প্রতিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/টিআর/এইচএ/২৩৫৭ ঘ.
bdnews24