নারায়ণগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আড়াইহাজার উপজেলার কান্দাপাড়া গ্রামে এক তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তাকে হত্যার চেষ্টা করে কথিত প্রেমিক।
আংশকাজনক অবস্থায় অগ্নিদগ্ধ লিপিকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ কথিত প্রেমিক মনিরকে (২৫) গ্রেপ্তার করেছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে মনির লিপির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুরো শরীর আগুনে জ্বলতে থাকলে লিপির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, কান্দাপাড়া গ্রামের শফি মিয়ার ছেলে মনির বিয়ের প্রলোভন দেখিয়ে লিপির সঙ্গে দৈহিক সর্ম্পক গড়ে তোলে। লিপি গর্ভবতী হয়ে পড়লে ছয় মাস আগে তার গর্ভপাত করানো হয়। কিন্তু বুধবার মনির নরসিংদীর বাহের চর গ্রামের এক তরুণীকে বিয়ে করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24