২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী শ্রমিকের ব্যাপারে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা বহাল রয়েছে

মালয়েশীয় কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে জানিয়েছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশীয় কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে জানিয়েছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। থাইল্যান্ডের ফুকেতে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের আঞ্চলিক ফোরাম আসিয়ান-এর মন্ত্রী পর্যায়ের ১৬ তম বৈঠকের ফাঁকে দীপু মনির সঙ্গে সাক্ষাতকালে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী দাতুক আনিফাহ আমান তাকে ওই নিষেধাজ্ঞা বহাল থাকার কথা জানান। এর আগে গত ৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, "বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সেদেশের নতুন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। আমি মনে করি, এটি এখন সময়ের ব্যাপার।" তিনি আরো জানান, দেশটির ক্ষমতাসীন দল বাংলাদেশী শ্রমিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে সংসদে আলোচনা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বলেছেন, চলমান বিশ্বমন্দার প্রভাব কাটিয়ে উঠার পর তার সরকার বাংলাদেশী শ্রমিকদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। মালয়েশিয়া সরকার গত মার্চে কলিং ভিসার ওপর স্থগিতাদেশ দেওয়ায় ৫৫ হাজার বাংলাদেশী শ্রমিকের সেদেশে যাওয়া আটকে যায়। এর পরই এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়ার নতুন সরকারের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে সেখানে যান। বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশী দেশটিতে রয়েছেন। এছাড়া ফুকেতে দীপু মনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ভি লাভরভ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ের সোলানাসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাত করেন। হিলারি ক্লিনটনের সঙ্গে তার বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অনেক আগ্রহ রয়েছে। "জলবায়ু পরিবর্তন, নারী, শিশু, মানবাধিকার এবং সন্ত্রাস দমন সংশ্লিষ্ট ইস্যুসহ বেশ কিছু ক্ষেত্রে উভয় দেশ একযোগে কাজ করতে পারে বলে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।" দীপু মনি অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথের সঙ্গেও সাক্ষাত করেন বলে বিবৃতিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০২৫ঘ.