ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ অক্টোবর স্থানীয় হজযাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।
আর ২৭ অথবা ২৮ নভেম্বর হজের সম্ভাব্য দিন ধরে আগামী ২০ নভেম্বরের মধ্যে হজযাত্রী পাঠানোর কাজ শেষ করা হবে।
বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা এবং হজযাত্রী পরিবহন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের একথা জানান।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ৫৩ হাজার ৪শ'৪২ জন পূণ্যার্থী হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন প্রায় আট হাজার জন।
এর আগে বিমান মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, বিমান সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ধর্ম সচিব মামুনুর রশীদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।
হজযাত্রী পরিবহনে সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে বিমান মন্ত্রী জিএম কাদের বলেন, এ বছর মোট হজযাত্রীর মধ্যে ২০ হাজার বহন করবে সৌদিয়া এয়ারলাইন্স। বাকি যাত্রী বহন করবে বাংলাদেশ বিমান। এজন্য বিমানের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। দুটি ৭৪৭ উড়োজাহাজ ভাড়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া বিমান ভাড়াদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি উড়োজাহাজ জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখার জন্যও চুক্তি করা হবে।
কোন দেশ বা প্রতিষ্ঠান বিমান ভাড়ার দায়িত্ব পাচ্ছে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১২টি প্রতিষ্ঠান থেকে প্রস্তাব পেয়েছে বিমান কর্তৃপক্ষ। এখনো তা চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত করা হবে।
মন্ত্রী জানান, দুটি উড়োজাহাজ ভাড়ায় নেওয়া ছাড়াও বিমানের নিজস্ব ডিসি-১০ এয়ারক্রাফটও হজযাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হবে। বর্তমানে তিনটি ডিসি-১০ চালু থাকলেও হজযাত্রী পরিবহনের সময় চারটিই চালু থাকবে। এছাড়া বিমানের নিজস্ব উড্ডয়নসূচি ঠিক রাখতে ভাড়ায় আনা তিনটি ৭৭৭ উড়োজাহাজও হজযাত্রী পরিবহনে ব্যবহৃত হবে।
প্রতি বছর হজযাত্রী পরিবহনে যেসব সমস্যা হয় এবার তা আর হবে না বলে আশ্বাস দেন জি এম কাদের। তিনি বলেন, হজ যাত্রীদের যাতে কোনভাবেই হয়রানি না হয় এজন্য সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, যাত্রীদের সেবা দিতে বিমান বন্দরে এবং সৌদি আরবে অবতরণের পর অভ্যর্থনার জন্য বিশেষ দল থাকবে। থাকবে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা।
হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়ার প্রস্তুতি সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া জানান, সরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়ার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ভাড়ার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫১ঘ.
bdnews24