ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সকালে শুরু হতে যাচ্ছে জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল অধিবেশন। সিলেটের হাতি ও ভারতের পাঞ্জাব থেকে আনা ঘোড়ার বিশেষ বহরের এসকর্টে কাউন্সিলে আসবেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ বিশেষ কাউন্সিল শুরু হবে। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ও এতে সভাপতিত্ব করবেন এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব সাংসদ রুহুল আমিন হাওলাদার এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিশেষ কাউন্সিল দলের নেতা-কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের চেয়ারম্যানকে কাউন্সিল প্রাঙ্গণে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন দলের নেতা-কর্মী ও শিশু শিল্পীরা। এছাড়া সিলেট থেকে আনা ২টি হাতি ও ভারতের পাঞ্জাব থেকে আনা ৪টি ঘোড়ার এক বিশেষ বহর চেয়ারম্যানের গাড়িকে এসকর্ট করে নিয়ে আসবে। এই বিশেষ কাউন্সিলের মাধ্যমে পার্টির চেয়ারম্যানকে আমরা জমকালো সংবর্ধনাও দেবো । তাই এবারের আয়োজন ব্যাপক আকর্ষণীয় ও বর্ণাঢ্য করা হয়েছে।''
তিনি জানান, সারা দেশ থেকে ১১ হাজার ৬ শ'৭২ জন কাউন্সিলর এবং ২৩ হাজার ডেলিগেট এবারের কাউন্সিলে অংশ নেবেন। সেরকম প্রস্তুতিই নেওয়া হয়েছে। বিশেষ কাউন্সিলের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ কাউন্সিলে দলের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান মহাসচিব।
রুহুল আমিন হাওলাদার আরও জানান, চেয়ারম্যান, মহাসচিবসহ সব পদই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে। একটি গণতান্ত্রিক দল হিসেবে জাতীয় পাটি সেই ব্যবস্থা রেখেছে।
সর্বশেষ ২০০৫ সালে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছয়বার জাতীয় পার্টি কাউন্সিল করেছে। এবারেরটি সপ্তম কাউন্সিল।
রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে একরকম তড়িঘড়ি করে এই বিশেষ কাউন্সিল করছে জাতীয় পার্টি।
এদিকে কাজী ফিরোজ রশীদ ও ফখরুল ইমাম বৃহস্পতিবার এরশাদের সঙ্গে তার বনানীর কার্যালয়ে দেখা করে দলে ফিরে এসেছেন। পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই নেতাকে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে পুনঃনিয়োগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24