২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবেলায় এডিবির কাছে ৫০ কোটি ডলার চেয়েছেন মুহিত

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ৫০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। সফররত এডিবি প্রেসিডেন্ট হারুহিকো কুরোদার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার এই সহায়তা চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ৫০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। সফররত এডিবি প্রেসিডেন্ট হারুহিকো কুরোদার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার এই সহায়তা চেয়েছেন। অর্থনৈতিক মন্দা মোকাবেলায় জরুরি সহায়তা হিসেবে এ অর্থ চাওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। এডিবি প্রেসিডেন্ট কুরোদা দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন। দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন তিনি। মুহিত সাংবাদিকদের বলেন, "চলমান মন্দা মোকাবেলায় বিভিন্ন দেশকে সহায়তার জন্য এডিবি ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি তহবিল গড়েছে। আমরা তা থেকে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার চেয়েছি।" বাংলাদেশের চাওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস এডিবি প্রেসিডেন্ট দিয়েছেন বলে তিনি জানান। মুহিত বলেন, "এডিবি প্রতি বছর বাজেট সহায়তা হিসেবে আমাদের ৬০০ মিলিয়ন (৬০ কোটি) ডলার দিয়ে থাকে। আগামী বছর থেকে তা ৮০০ মিলিয়ন (৮০ কোটি) ডলারে উন্নীত করার আশ্বাসও পাওয়া গেছে।" কুরোদা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বিদ্যমান ভালো সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী। সফরের বিভিন্ন দিক নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করবেন এডিবি প্রেসিডেন্ট। শুক্রবার তার ঢাকা ছাড়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬৫০ ঘ.