২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে পাঁচটি বগি লাইনচ্যুত, আহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার ভোরে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইস্পাতবাহী একটি বড় ট্রাকের (ট্রেইলার) সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন ট্রেনের চালক ও কর্মচারীসহ কমপক্ষে ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 04:49 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ফেনী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার ভোরে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইস্পাতবাহী একটি বড় ট্রাকের (ট্রেইলার) সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন ট্রেনের চালক ও কর্মচারীসহ কমপক্ষে ১২ জন। দুর্ঘটনার কারণে ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঢাকা ও চট্টগ্রাম থেকে আন্তনগর এক্সপ্রেস সুবর্ণ ও সাগরিকার যাত্রা বাতিল করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রেলওয়ের উপ পরিচালক (জনসংযোগ) শফিউদ্দিন আহমেদ। এদিকে, দুর্ঘটনার পর প্রায় দু'ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। ওই সময় বিকল্প পথে ফেনী শহরের ভেতর দিয়ে দূরপাল্লার বাসগুলো চলাচল করে। এ কারণে মহাসড়ক ও ফেনী শহরে দিনভর যানজট লেগে ছিল। ফেনী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে ইস্পাতের রোলবাহী একটি ট্রেইলার ফতেহপুর রেলক্রসিং পার হওয়ার সময় এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন তূর্না নিশীথা ট্রেইলারটিকে ধাক্কা দেয়।" তিনি জানান, এতে ট্রেনের চালকসহ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আছেন- মো. ইশা (৫৫), সহকারী চালক রফিকুল ইসলাম (৪৮), নিরাপত্তা প্রহরী মো. গণি মিয়া (৫০), সামছুর রহমান (২৪), এ এইচ এম আসাদুজ্জামান (২৫) ও টেলিফোন অপারেটর পারভেজ। আহতদের মধ্যে চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন যাত্রী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। হারুন জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ তদারকিতে ছিল পুলিশের একটি দল। ফেনী রেল স্টেশনের স্টেশন মাস্টার গিয়াস উদ্দিন জানান, বিকেল পাঁচটার দিকে উদ্ধার কাজ শেষে আবার ট্রেন চলাচল শুরু হয়। তিনি জানান, ফেনী, ফজিলপুর গুনবতী, শর্শদিসহ বিভিন্ন স্টেশনে মহানগর প্রভাতী, পাহাড়িকা, কর্ণফুলী, মেঘনা, চট্টগ্রাম মেইল ও জালালাবাদ এক্সপ্রেস আটকা পড়েছিল। উদ্ধার কাজ শেষ হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, রেল দুর্ঘটনা তদন্তে দুটি আলাদা কমিটি হয়েছে। রেলওয়ের উপ পরিচালক (জনসংযোগ) শফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে পূর্ব জোনের প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদকে প্রধান করে চার সদস্যের এবং রেলওয়ের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা এ এম শাহনেওয়াজকে প্রধান করে তিন সদস্যের পৃথক আরেকটি কমিটি হয়েছে।" প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদের কমিটির অপর তিন সদস্য হলেন- পূর্ব জোনের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শাহ জহিরুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জামান, প্রধান সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শহিদুল ইসলাম। অপর কমিটিতে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। তিনি জানান, উভয় কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শফিউদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী আসাদউল্লাহ এবং ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ইকবাল মোল্লাসহ উর্ধতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/২০৫২ ঘ.